টিকে থাকতে চান আরাফাত সানি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:১২

আন্দোলন শেষে মাঠে ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের ধর্মঘটে তৈরি হয়েছিল অচলাবস্থা। সংকট নিরসন হয়েছে বিসিবি-ক্রিকেটার সমঝোতায়। বৃহস্পতিবার থেকেই ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক গতি পেয়েছিল। গতকাল শুরু হয়েছে বাংলাদেশ দলের ভারত সফরের ক্যাম্প। আন্দোলন, ধর্মঘট ভুলে ক্রিকেটাররা এখন ভারত সিরিজই ফোকাস করছেন।

তিনটি টি-২০, দুটি টেস্ট খেলতে আগামী ৩০ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। টি-২০ দলে ফেরা আরাফাত সানি গতকাল বলেছেন, ‘কয়েক দিন আগে কী হয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো ফোকাস নেই। যেহেতু সামনে ভারত সিরিজ, সেটা নিয়েই ফোকাস করছি।’

জয়ের লক্ষ্য নিয়েই ভারত সফরে যাবে বাংলাদেশ দল। আরাফাত সানি বলছেন, দলের লক্ষ্যই হবে ম্যাচ জেতা। এই বাঁহাতি স্পিনার বলেছেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য যাচ্ছি। সেরাটা অবশ্যই দিব আমাদের। প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এটা নিয়েই কাজ করছি। সবারই লক্ষ্য থাকে ম্যাচ জেতা।’

ভারত সফর দিয়ে শেষ, আবার ভারত সফর দিয়েই প্রত্যাবর্তন। সাড়ে তিন বছর পর টি-২০ দলে ফেরা আরাফাত সানি ও আল-আমিনের ক্যারিয়ারে এটাই প্রযোজ্য। ২০১৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তারা। তারপর ফিরলেন এবার।

দলে টিকে থাকতে এবার সর্বোচ্চ চেষ্টা করবেন আরাফাত সানি। বাঁহাতি এই স্পিনার বলেছেন, ‘তিন বছর আগে আমি ভারতে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েছিলাম, এবার সেখানে আবার সফর করছি। অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেহেতু অনেক দিন পর আমি সুযোগ পেয়েছি। আমি আমার আগের জায়গাটা ধরে রাখার জন্য যা যা করার দরকার সেটাই করব। অনেক দিন পর দলে আসতে পেরেছি। এটা আনন্দের ব্যাপার। যে কোনো ক্রিকেটারের কাছে এটা বড়ো পাওয়া।’

বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব রয়েছেন। সম্প্রতি দলে যোগ হয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। একাদশে নিজের স্থান দেখতে পান কি না, জানতে চাইলে আরাফাত সানি বলেছেন, ‘এটা অনুশীলনের ওপর নির্ভর করবে, তারপর অনেক কিছু আছে। উইকেট আছে, তারপর টিম ম্যানেজমেন্ট সেরা একাদশ করবে। আমরা এখনো ওখানে যাইনি। এটা আগে থেকে বলা কঠিন। ম্যানেজমেন্ট সেরা কম্বিনেশনটাই চেষ্টা করবে ম্যাচ খেলানোর জন্য। এটা মাথায় আছে। সুযোগের অপেক্ষায় অবশ্যই আছি। আমি যখনই সুযোগ পাই, আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’

অনেক দিন পর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন আরাফাত সানি। তবে হুট করে দলে ডাক পাওয়ায় কিছুটা বিস্মিত হয়েছিলেন তিনি। গতকাল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশ্যই বিস্মিত ছিলাম। তবে আরেকটি জিনিস ঠিক ছিল যে গত তিন বছর কিন্তু ভালো ক্রিকেট খেলছিলাম। লক্ষ্য ছিল আমার সেরা পারফর্মটা করার, এর জন্য হয়তো আমাকে বিবেচনা করেছে।’

আগের মতোই মিতব্যয়ী, উইকেট টু উইকেট বোলিং ও রান আটকে রাখার দিকেই নজর দিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। ভারত সফরেও একই পরিকল্পনা থাকছে তার। আরাফাত সানি বলেছেন, ‘খেলাটি সব সময় চ্যালেঞ্জিং ছিল। এখনো আছে, এটা চ্যালেঞ্জেরই একটি খেলা। আমাদের যে ব্যক্তিগত পরিকল্পনা আছে নিজেদের বিভাগ থেকে। যেহেতু আমি বাঁহাতি স্পিনার, তাই কীভাবে রান চেক দিয়ে কীভাবে উইকেট টু উইকেট বোলিং করব বা উইকেট বের করার জন্য অবশ্যই সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’