স্পোর্টস রিপোর্টার
দারুণ একটা বিশ্বকাপ দিয়ে নিজেদের মৌসুম শেষ করেছিল নিউজিল্যান্ড। আবার সেই ইংল্যান্ডের বিপক্ষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিউজিল্যান্ডের নতুন মৌসুম শুরু হচ্ছে। কিন্তু এই টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। নিতম্বের চোটের কারণে তিনি মিস করবেন এই সিরিজ। তার বদলে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন ফাস্ট বোলার টিম সাউদি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন সাউদি।
২৯ বছর বয়সি উইলিয়ামসন হেগলি ওভালে ক্যান্টাবুরির বিপক্ষে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে প্লাঙ্কেট শিল্ডের উদ্বোধনী ম্যাচ খেলেছেন। এর আগে থেকেই এই চোটে ভুগতে থাকা উইলিয়ামসন এই ম্যাচের পর আর খেলার মতো অবস্থায় নেই। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, এখন তাকে বিশ্রাম দেওয়ার বিকল্প ছিল না, ‘আমরা ওর চোটটার প্রতি বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলাম। এর আগে এই চোটের কারণেই সে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টটা খেলতে পারেনি।’
স্টিড বলেছেন, মৌসুমের শুরুতেই অধিনায়ককে এভাবে হারানোটা হতাশাজনক। কিন্তু সামনের লম্বা মৌসুম বিবেচনায় এখনই বিশ্রাম দেওয়া ভালো বলে তিনি মনে করেছেন, ‘একটা রোমাঞ্চকর কিউই গ্রীষ্মের শুরুতেই কেনের এভাবে চোটে পড়াটা অবশ্যই হতাশাজনক। তবে আমরা মনে করেছি, সামনে যে ব্যস্ত সূচি আমাদের, তাতে এখন বিশ্রাম নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত।’
এই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জিমি নিশম। সেই সঙ্গে এ বছরই শুরুর দিকে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া পেসার ব্লেয়ার টিংকার ডাক পেয়েছেন দলে। আঙুলের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লকি ফার্গুসন। তিনি প্রথম তিন ম্যাচ খেলবেন। আর শেষ দুই ম্যাচ খেলবেন তার জায়গায় ট্রেন্ট বোল্ট।
স্টিড বলেছেন, এই সিরিজে বোলারদের মধ্যেও টিম সাউদি অনেক বৈচিত্র্য পাবেন, ‘ব্যাটসম্যানদের দিকে যদি তাকান, তাহলে আপনি এখানে অনেক মারকুটে খেলোয়াড় খুঁজে পাবেন। এই সংক্ষিপ্ততম ফরম্যাটে বিস্ফোরক ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে টিম (সাউদি) দলে অনেক ধরনের বোলিং অপশন পাচ্ছে। বিশেষ করে আমাদের স্পিন সমন্বয়টা খুব ভালো। ইশ (সোধি) ও মিচ (স্যান্টনার) এখন বিশ্বের সেরা ১০ জন টি-টোয়েন্টি বোলারের মধ্যে আছে।’
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন স্টিড। তিনি বলছিলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু টি-টোয়েন্টি খেলা আছে। তবে এই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটা খুব কঠিন হতে যাচ্ছে। এটা গ্রীষ্মের দারুণ একটা শুরু হবে।’
১ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের এই সিরিজ। এই সিরিজের পর দুই দল দুটি টেস্ট খেলবে।
