স্পোর্টস রিপোর্টার
ঠিক তিনটায় শুরু হয় জাতীয় দলের ক্যাম্পের কার্যক্রম। একে একে ড্রেসিংরুম থেকে ক্রিকেটার, কোচরা বের হয়ে আসেন। স্ট্রেচিংয়ের সময় মাঠে ছিলেন তামিম ইকবাল। তারপর আর অনুশীলনে অংশ নেননি বাঁহাতি এই ওপেনার।
গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের শুরু থেকে শেষ, খুঁজে পাওয়া যায়নি সাকিব আল হাসানকে। ভারত সফরের ক্যাম্পের প্রথম দিনেই নেই বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এমন কি সাকিব কেন নেই অনুশীলনে, এই প্রশ্নের সদুত্তরও পাওয়া যায়নি উপস্থিত কর্মকর্তাদের কাছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার সাব্বির খান জানালেন, তিনি জানেন না। সাকিবের না থাকার কারণ বলতে পারেননি হেড কোচ রাসেল ডমিঙ্গোও। সাকিব ছুটিতে কি না জানতে চাইলে এই প্রোটিয়া কোচ বলেন, না। ডমিঙ্গো অবশ্য বলেছেন, আজ থেকে অনুশীলনে থাকতে পারেন সাকিব। পরে দলের মুখপাত্র হিসেবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা আরাফাত সানি বলেছেন, ‘অধিনায়কের বিষয়টি আমি জানি না। এটা পুরোপুরি দলের ম্যানেজমেন্টের ব্যাপার। সে অবশ্যই তাদের জানিয়েছে।’ এদিকে সাকিবের অনুশীলনে না থাকার বিষয়টি জানা নেই নির্বাচকদেরও। তাদের কাছেও অধিনায়কের ছুটি নেওয়ার কোনো তথ্য নেই।
তামিমের বিকল্প হিসেবে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হতে পারেন ইমরুল কায়েস। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। পারিবারিক কারণে ভারতে টি- টোয়েন্টি খেলতে নাও যেতে পারেন তামিম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, তামিম যেতে পারবে কি না বলা যাচ্ছে না। তাই অনুশীলনে রেখেছি ইমরুলকে। আর তামিমের অনুশীলন না করাই ইঙ্গিত দিচ্ছে ভারতগামী বিমানে চড়তে হবে ইমরুলকে।
