সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সীমিত ওভার ক্রিকেট সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। আগামী ৬, ৯ এবং ১১ নভেম্বর ওয়ানডে ও ১৪, ১৬ এবং ১৭ নভেম্বর টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর দুই দলের মধ্যে ২৭ নভেম্বর শুরু হবে একমাত্র টেস্টটি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাওয়া দ্বিতীয় হোম ভেন্যু লখনৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এর আগে দেরাদুনে নিজেদের হোম ম্যাচগুলো খেলেছে আফগানরা।
রশিদ খানকে নেতৃত্বে রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল দল ঘোষণা করে। এতে টি-২০ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইবরাহিম জাদরান। গত মাসে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি করার পুরস্কার হিসেবে এবার সাদা বলের দলে ডাক পেলেন ১৭ বছর বয়সি ইবরাহিম।
অভিজ্ঞ পেসার দৌলত জাদরান এবং ইয়ামিন আহমদজাইর টি-২০ এবং ওয়ানডে কোনোটিতেই জায়গা পাননি। বাংলাদেশের বিপক্ষে খেলা টি-২০ দল থেকে বাদ পড়েছেন শফিকুল্লাহ শফিক, শহিদুল্লাহ কামাল, ফজল নিয়জাই এবং নাজিব তারকাই। আসন্ন সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও খেলবে ক্যারিবিয়রা। টেস্টটি শুরু হবে ২৭ নভেম্বর।
