ভারত আর চীনের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য ব্রাজিলে ঢোকার দরজাটা এবার হাট করে খুলে দেওয়া হচ্ছে। ব্রাজিলে যাওয়ার জন্য ভারতীয় ও চীনা নাগরিকদের আর ভিসা করানোর ঝুটঝামেলা পোহাতে হবে না। বৃহস্পতিবার এই সুখবর দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এ বছরের ক্ষমতায় আসার পরেই প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেছিলেন, ব্রাজিলে ঢোকার জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর হ্যাপা পোহাতে হয়, তার আর দরকার হবে না। তার পর বছরের শুরু থেকেই উন্নত দেশগুলোর নাগরিকদের জন্য ব্রাজিলে ঢোকার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন আমেরিকা, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিরা। ভারত ও চীনের নাগরিকদের জন্য এবার সেই সুবিধা চালু করার ঘোষণা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, ঐ সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলোও।
