ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনোয় পরিণত না হয় :পূর্তমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,‘ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়। অনৈতিকতায় যিনি জড়িয়ে যাবেন, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরদাশত করবেন না। কিছু কিছু ক্রীড়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করার কারণে ক্রীড়াঙ্গনের বড়ো ধরনের ক্ষতি হয়ে গেছে। সে জায়গা থেকে উত্তরণে সকলে মিলে কাজ করতে হবে। ক্রীড়াবিদদের স্বপ্ন যেন কারো ভুলে নষ্ট না হয়ে যায়। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৩৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহসভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এম আমিনউদ্দিন ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।