সেমিনারে বক্তাদের অভিমত
ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ‘প্রতিবন্ধিতা’ সমস্যা নিয়ে ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রতিবন্ধিতা’ শীর্ষক একটি বেইজলাইন প্রতিবেদন প্রকাশ করা হয়। এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. নাফিসুর রহমান। মনসুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম, ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক ও সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর খন্দকার আরিফুল ইসলাম।
মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে সবাইকে সঙ্গে নিয়েই। কাউকে পিছিয়ে রেখে নয়। কে এম আব্দুস সালাম বলেন, ‘টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এনজিও বিষয়ক ব্যুরো সকল বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছে। এসডিজি অর্জন করতে হলে প্রতিবন্ধিতা নিয়ে কাজ করতে হবে। কারণ এসডিজির অনেক লক্ষ্যমাত্রাই প্রতিবন্ধিতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত’।
