শেরপুর-২ আসন

প্রচারণায় ব্যস্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ তিন প্রার্থী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ তিনজন প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. নূরুল ইসলাম। মতিয়া চৌধুরী ও ফাহিম চৌধুরী দুজনই নকলা উপজেলার ভোটার। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার ভোটার। প্রতীক পাওয়ার পর নৌকা ও ধানের শীষের প্রার্থীদের পক্ষে সমান্তরালে প্রচার প্রপাগান্ডা চললেও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলামের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রচারের নমুনা দেখা যায়নি এখন পর্যন্ত।