অনেক কৌতূহল ও উত্সাহ-উদ্দীপনার ভেতর দিয়ে গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা ২৬ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ। গতকাল গভীর রাতে অসমর্থিত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল এগিয়ে ছিল।
সারা দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকা সত্ত্বেও তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল এফডিসি পাড়া। যে এফডিসি গেট দীর্ঘদিন ধরেই খাঁখাঁ করে সেই গেটে উত্সুক দর্শকদের কৌতূহলী ভিড় ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তার মধ্যে সারা দিন ভোট দিয়েছেন শিল্পীরা। বিএফডিসির গেটে সকাল থেকেই পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। যদিও শিল্পী সমিতির নির্বাচনে এত এত নিরাপত্তাবেষ্টনী নিয়ে আপত্তি তুলেছেন চিত্রনায়ক-প্রযোজক মাসুদ পারভেজ, দেলোয়ার জাহান ঝন্টু, শাকিব খানসহ অনেকেই।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। ভোটগ্রহণ শেষে ফলাফল জানার জন্য উদ্বিগ্ন ছিলেন সংশ্লিষ্টরা। সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। প্রার্থীরা বাইরে মনিটরে দেখেন ভোট গণনা।
নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি বরাবরই বলেছি, দায়িত্ব যখন নিয়েছি তখন সুষ্ঠুভাবে নির্বাচনটি পরিচালনা করব এবং দিনশেষে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা দারুণ এক উত্সবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।’
২০১৯-২১ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহসভাপতির দুটি পদে প্রার্থী ছিলেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে নামেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনো প্রার্থী ছিলেন না।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়াই করেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর একাই। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়াই করেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।
এবারের নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন—অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।
