কাহালু উপজেলার একটি জুট মিলে পায়ুপথে বাতাস ঢুুকিয়ে আলাল (১২) নামে এক কিশোর শ্রমিককে হত্যা করেছে অপর এক শ্রমিক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে আফরিন জুট স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর শ্রমিক আলাল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মোজাহার আলীর ছেলে।
জানা গেছে, আলাল আফরিন নামে জুট মিলে শ্রমিকের কাজ করত। গতকাল ঐ মিলের অভ্যন্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল শ্রমিকরা। এ সময় যতন চন্দ্র সরকার (১৭) নামে এক শ্রমিক ইয়ারকির ছলে (মশকরা করে) মিলের ধুলোবালি পরিষ্কার করার হাওয়া মেশিন আলালের পায়ুপথে ধরে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাতাস পায়ুপথে প্রবেশ করলে তার অস্বাভাবিকভাবে পেট ফুলে যায়। এরপর তাকে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
পুলিশ এ ঘটনায় যতনকে গ্রেফতার করেছে। যতন চন্দ্র কর্মকার বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়া গ্রামের সন্তোষ চন্দ্র কর্মকারের ছেলে। কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।
