হরিয়ানায়ও সরকার গঠন করছে বিজেপি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:৩২

ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও হরিয়ানায় সরকার গঠন করছে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটিকে নির্দলীয় প্রার্থীরা সমর্থন করবে বলে জানিয়েছেন। কিন্তু কংগ্রেস চেষ্টা করেও তাদের সমর্থন আদায় করতে পারছে না। খবর এনডিটিভির

হরিয়ানা লোকহিত পার্টির নেতা গোপাল কান্ডা গতকাল ঘোষণা করেছেন, তাদের ছয় জন নির্দলীয় বিধায়ক শাসক দলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘আমার বাবা আরএসএসে ছিলেন, তাই আমরা এই পরিবারেরই অংশ। আমরা সকলেই বিজেপিকে সমর্থন করি। হরিয়ানার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গভীর রাতে একটি বৈঠক শুরু হয় যা গতকাল সকাল পর্যন্ত চলে। বিজেপি ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভাতে ৭৫টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও  বৃহস্পতিবার ভোট গণনায়          দেখা যায় মাত্র ৪০টি আসন পেয়েছে ঐ দল। কংগ্রেস ৩১টি আসন পেয়ে জোটের জন্য জননায়ক জনতা পার্টির দুশ্যান্ত চৌতলার দ্বারস্থ হয়। অঙ্কের হিসাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য জেজেপির ১০ জন বিধায়কেরও বেশি সমর্থন প্রয়োজন হবে কংগ্রেসের। মুখ্যমন্ত্রী খাট্টার চন্ডীগড়ে তার সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে করে গতকাল সকাল সাড়ে ৯টার সময় দিল্লির উদ্দেশে রওনা হন। তিনি জানান, বিজেপি হরিয়ানায় সরকার গঠন করতে যাচ্ছে।

অন্য যারা বিজেপিকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে তারা হলেন নয়ন পাল রাওয়াত, ধর্মপাল গোদার, সোমবীর সংঘওয়ান, বলরাজ কুন্ড, রন্ধির গৌন্ডাল এবং রঞ্জিত সিং। দুশ্যান্ত চৌতলা যার জননায়ক জনতা পার্টি ১০টি আসনে জয়লাভ করেছে, তিনি তাসের টেক্কা হবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু বিজেপির আর মাত্র ছয়টি আসন প্রয়োজন হওয়ায় তিনি গুরুত্বহীন হয়ে পড়েছেন। চৌতালার সঙ্গে একটি সম্ভাব্য জোটের জন্য যোগাযোগ করা হয়েছিল কংগ্রেসের পক্ষে কিন্তু তিনি কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে চৌতলা বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি জেজেপির হাতে রয়েছে আসল চাবিকাঠি।’ সূত্র জানিয়েছে যে সম্ভবত ৩১ বছর বয়সি ওই নেতা কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন। হরিয়ানায় জেজেপির সভাপতি সরদার নিশান্ত সিং এএনআইকে বলেন, ‘বিজেপি এবং কংগ্রেস উভয়েরই কাছ থেকে সরকার গঠনের জন্য তারা আমন্ত্রণ পেয়েছেন। আমরা আমাদের নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আলোচনা করার পরেই সিদ্ধান্ত নেব।’