সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:১০

গোপালগঞ্জে কৃষক প্রশিক্ষণ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে লবণ সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের জাত বিনাধান-১০ এর চাষাবাদ কলাকৌশল ও ফলন পার্থক্য কমানো বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। কাশিয়ানী উপজেলার দেবাশুর গ্রামের মাঠে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ প্রশিক্ষণে বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমান, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আমন চাল সংগ্রহ অভিযান শুরু

ঝিনাইদহ প্রতিনিধি চলতি মৌসুমে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, জেলা কারিগরি খাদ্য পরিদর্শক জিন্নাত জাহান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি “রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুনামগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। আবগারি ও ভ্যাট বিভাগের সুনামগঞ্জের আয়োজনে পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রশিদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো.মুনীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

নওগাঁয় আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি নওগাঁ অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সাথে বৃহস্পতিবার মতবিনিময় সভা করেছেন নওগাঁ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দীন জলিল জন। এ্যাসোসিয়েশনের হলরুমে জেলা অ্যাড. বার এ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর সাফী মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল বাকী, সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক পীযূষ কুমার সরকার প্রমুখ। এ সময় নিজাম উদ্দীন জলিল জন বলেন, তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর হাত যেমন শক্তিশালী হবে। তার বাবা প্রয়াত আব্দুল জলিলের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে আধুনিক নওগাঁ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক কর্মশালা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) শাহজাদপুরে বৃহস্পতিবার বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও গবাদিপশুর তড়কা রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আখতারুজ্জামান ভুইয়া। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. মীর কাওসার হোসেন প্রমুখ।