সাভারে সাংবাদিক পরিচয়ে একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে পৌর এলাকা শাহীবাগ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- রংপুরের মিঠাপুকুর থানাধীন বড়ো মির্জাপুর এলাকার সাইফুল ইসলাম মিয়ার ছেলে বিদ্যুত্ আহমেদ মিয়া (৩২) এবং গোপালগঞ্জ সদর থানাধীন উলপুর গ্রামের মো. সাহেব আলী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৯)। তবে প্রতারক চক্রটির মূল হোতা মফিজুর রহমানসহ বাকিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
সাভার পৌর এলাকা শাহীবাগের লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম খান জানান, মফিজুরসহ কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গত ১৬ অক্টোবর ঐ স্কুলে গিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ তাদের নগদ ৫ হাজার টাকা চাঁদা দিয়ে বিদায় করে। পরবর্তীতে চক্রটির মূল হোতা মফিজুর রহমান সোহেলসহ ৫-৭ জন আবারও ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় স্কুলটিতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় মফিজুর রহমান সোহেলসহ বিদ্যুত্ আহম্মেদ মিয়া, রতন বিশ্বাস, ইব্রাহিম খলিল চাঁদার টাকা না দিলে স্কুলটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয় ও পুলিশে সোপর্দ করে।
