সাভারের আশুলিয়ায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বুড়িরবাজার এলাকায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে ঐ দম্পতির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করতে পারে।
নিহত পারভেজ হোসেন সোহাগ (২৬) বাগেরহাটের কুলোডাইল গ্রামের মোস্তফা পাইকের ছেলে ও সাদিয়া আক্তারের বাড়ি (২৩) খুলনার রুপসা থানার নৈহাটি গ্রামে। সোহাগ বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন এবং ডিইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, কিছুদিন আগে সোহাগের বাবা মারা যায়। এরপর সোহাগ গ্রামের বাড়ি থেকে তার মাকে সাভারে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে সোহাগের স্ত্রী সাদিয়া তার বাবার বাড়ি যেতে বায়না ধরেন। কিন্তু সোহাগের মা মাজেদা বেগম তার ছেলের বউকে বলেন ‘আগে তোমার শ্বশুরের কবর জিয়ারত করবে তারপর বাবার বাড়ি যাবে, এর আগে যেতে পারবে না।’ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সারা রাত কলহ চলে। গতকাল সকালে মা মাজেদা বেগম ছেলে পারভেজ ও তার স্ত্রী সাদিয়াকে দরজা খুলতে অনেক সময় ধরে ডাকাডাকি করেন। কিন্তু তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে মাজেদা বেগম চিত্কার করতে থাকেন। তার চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর তারা আশুলিয়া থানায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ঐ দম্পতির লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
