কেরানীগঞ্জে ডকইয়ার্ডে লঞ্চে আগুন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০০:৩৫

কেরানীগঞ্জে ডকইয়ার্ডে কাজ করানোর সময় সুরভী-৭ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কারো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পোস্তগোলা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. মহসিন জানান, সংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লঞ্চটি মেরামতের জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে রাখা ছিল। মেরামতের কাজ চলাকালে সম্ভবত অসাবধানতাবশত আগুন লেগেছে। লঞ্চের ৩য় তলার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।