ভোলার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে হেফাজতের বিশাল সমাবেশ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০০:৪৫

ভোলার বোরহানউদ্দিনে ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে তৌহিদি জনতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় প্রতিবাদ ও এর সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শুক্রবার নগরীর ডিআইটি মসজিদের সামনে জুমার নামাজের পর এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আহ্বায়ক ও জমিয়তের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, আল্লাহ ও আল্লাহর রসুলের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং আল্লাহ ও আল্লাহর রসুলের নামে কেউ কটূক্তি করলে যাতে দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেজন্য একটি আইন সংসদে পাশ করতে হবে। সরকার যদি এই আইন পাশ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ভোলার ঘটনার পর যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং যারা প্রকৃত অপরাধী, সুষুম তদন্তের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।