রাজস্থানের বিধানসভার নির্বাচনে ভারতের একমাত্র নিবেদিতপ্রাণ ‘গরুমন্ত্রী’ ওতারাম দেবাসি পরাজিত হয়েছেন। সবসময় মাথায় লাল পাগড়ি ও সাদা ধুতি পরিহিত, ঐতিহ্যবাহী একটি লাঠি বহনকারী ওতারাম রাজ্যের সিরোহি আসনে নির্বাচনে ১০ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র এক প্রার্থীর কাছে হেরে গেছেন। মঙ্গলবারের ওই নির্বাচনে ওতারামের দল ক্ষমতাসীন বিজেপিও হেরে ক্ষমতাচ্যুত হয়েছে।
২০১৫ সালে প্রথমবারের মতো শুধু গরু রক্ষার জন্য ভারতের কোনো রাজ্যে একটি মন্ত্রণালয় গঠন করা হয়। রাজস্থানের এই মন্ত্রণালয়টির দায়িত্ব পান সাবেক পুলিশ সদস্য ওতারাম দেবাসি। ওতারাম রাজস্থানের পরিত্যক্ত গরুদের দুই হাজার ৩০০টি আশ্রয়স্থলের জন্য তহবিল যোগাড়ের লক্ষ্যে নতুন সম্পত্তি কেনার ওপর ২০ শতাংশ সারচার্জ ধার্য করে এর নাম দেন ‘গরু কর’। — এনডিটিভি
