শেখ হাসিনা যত সফল হবেন ষড়যন্ত্র ততই গভীর হবে :নাসিম

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০০:৪৬

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, ষড়যন্ত্র তত বেশি গভীর হবে। বর্তমানে ষড়যন্ত্রকারীদের একমাত্র টার্গেট তিনিই।

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার যত বেশি সফল হয়েছিল, ততই ষড়যন্ত্রের শিকার হয়েছিল। সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন বাকশালের মাধ্যমে। বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতাকেও সে সময় হত্যা করা হয়েছিল। এক সময় খুনিদের টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, আজকে শেখ হাসিনাই তাদের একমাত্র টার্গেট। তাই উত্ফুল্ল হওয়ার কিছু নেই, আমাদের সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে।

নুসরাত হত্যাকাণ্ডের রায়ের কথা তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডের ছয় মাসের মধ্যে বিচার হয়েছে। এতে সমগ্র দেশবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। আর বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ রায়েও নাকি খুঁত আছে। টেলিভিশনের টকশোতেও দেখলাম কিছু তথাকথিত বুদ্ধিজীবী এ রায়ের বিপক্ষে কথা বলছেন। কোনো কিছুতেই তাদের সন্তুষ্টি নেই। তারা চেয়েছিল এ রায় যেন বিলম্বিত হয়। তারা এটাকে নিয়ে ইস্যু সৃষ্টি করতে চেয়েছিল।’ তিনি বলেন, এসব শিক্ষিত মূর্খরা জানে না যে, নুসরাতের সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। আর দায়িত্বে অবহেলার কারণে পুলিশের কর্মকর্তাদের আলাদা মামলা হয়েছে। তারা কারাগারে আছেন, বিচার হচ্ছে। মোহাম্মদ নাসিম বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির বর্তমানে এ অবস্থা। বিএনপির অবস্থা আরো খারাপ হবে। বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে অনেক উন্নতি হচ্ছে। দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। দেশবাসী এ পদক্ষেপে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি জঙ্গি দমন করেছেন। বাংলাদেশকে তিনি একটি উন্নত দেশে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোহাম্মদ নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রামের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মহাত্মা গান্ধী, আব্রাহাম লিংকন, মাওসেতুংয়ের মতো বিশ্বকে আলোকিত করেছিল তার মহান নেতৃত্ব। বঙ্গবন্ধুকে আমরা দুঃখজনকভাবে হারালেও তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। সঞ্চালনা করেন নুরজাহান মনি।