ছড়া

দামি জিনিস

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৬

g  ব্রত রায়

 

চান বায়োটিন? অনেক পাবেন,

ম্যাঙ্গানিজও পাবেন

লাগবে কপার? তাও রয়েছে!

বৃথাই কেন ভাবেন?

 

চাই ভিটামিন? বি-সিক্স বা সি?

সেসব প্রচুর আছে

ভাবেন বুঝি পটাসিয়াম

বাদ পড়ে যায় পাছে?

 

মোটেই না বস্! ফসফরাসও

ভালোই আছে এতে

এইটা খাবেন ফাইবার এবং

ফলেট প্রচুর পেতে!

 

এর উপকার অনেক, যেমন—

দেহের ব্যথা কমায়

বিজ্ঞানীরা বলেন এটা

ক্যান্সারও যে দমায়!

 

কেউবা চুলের শাইন বাড়াতে

মাখছে এটা চুলে

আরো অনেক গুণ আছে এর

নাই বা বলি খুলে!

 

বুঝুন তবে যে-বস্তুটা

এত্ত উপকারী

তার কেজি বস্ আশি হলে

মুখ কেন হয় হাঁড়ি?

 

জিনিসটা যে পেঁয়াজ বোধহয়

বুঝেই গেছেন, নাকি?

খাই না এখন! গন্ধ শুঁকেই

মনকে খুশি রাখি!