প্রথম চলচ্চিত্রে রুবেল!

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২০:০৮

 

সংগীতশিল্পী রুবেল। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করলেন তিনি। ‘হূদয়জুড়ে’ শিরোনামে এই সিনেমাটি নির্মাণ করেছেন রফিক শিকদার। সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন ও কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা। সিনেমার ভয়েস এডিটিং, ইফেক্ট, এসএফএক্স, আবহসংগীত ও সাউন্ড ডিজাইন করেছেন রুবেল।

সিনেমায় কাজ প্রসঙ্গে রুবেল বলেন, ‘প্রথমবারের মতো সিনেমায় কাজ করলাম। এটি অন্য কাজগুলোর চেয়ে অনেকটাই ভিন্ন। ভিন্ন ও দারুণ একটি অভিজ্ঞতা আমার জন্য। চেষ্টা করেছি বেশ যত্ন করে কাজ করতে। নিজের কাজের প্রতি যে বিশ্বাস রয়েছে সেখান থেকে বলতে পারি সবার ভালো লাগবে কাজটি। কাজটি করার পর প্রোডিউসার মনির হোসেন যুবরাজ ভাই সেদিন বললেন, বাংলাদেশে তৈরি কোনো মুভিতে এ রকম মিউজিক এবং সাউন্ড আগে কখনো শোনেননি। এই কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ছবিটির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিক করার। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এ প্রসঙ্গে রুবেল আরো বলেন, ‘সিনেমার জন্য কাজ করার ইচ্ছাটা অনেকদিনের ছিল। এত বড় ক্যানভাসে কাজের জন্য একটি প্রস্তুতি প্রয়োজন হয়। সেই প্রস্তুতি আমার পুরোপুরি ছিল সেটা বলবো না। তবে যে কাজটি করেছি সেটি সেই পরিমাণ প্রচেষ্টা দিয়েই করা। ছবিটি দেখে ও কাজ করতে গিয়ে মনে হয়েছে যদি মার্কেটিং ভালো হয় তবে হূদয়জুড়ে দর্শকের হূদয় জয় করবে। পরিচালক রফিক শিকদার আপ্রাণ চেষ্টা করেছেন মৌলিক গল্পে একটি উপভোগ্য সিনেমা তৈরি করতে। অনেকদিন পর বাংলাদেশের দর্শক কোনো ছবি দেখে অঝোরে কাঁদবে বলে মনে হয়। হূদয়ছোঁয়া একটি সিনেমা হবে হূদয়জুড়ে।’