আইএসপিএবি নির্বাচনে জয়ী ‘টিম ইউনাইটেড’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:০৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যকরী কমিটির (২০১৯-২১ মেয়াদে) নির্বাচনে জয়ী হয়েছে ‘টিম ইউনাইটেড’ প্যানেল। দুইটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। অপর প্যানেল হলো ‘টিম ক্যাটালিস্ট’।

গতকাল রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদেরও অংশগ্রহণ করতে দেখা যায়।

নির্বাচনে আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে ‘টিম ইউনাইটেড’ নামের এই প্যানেলে রয়েছেন বর্তমান কমিটির পাঁচ জন। প্যানেলে পুরোনোদের মধ্যে রয়েছেন—বর্তমান সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হকসহ রাশেদ আমিন বিদ্যুত্, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ। আর নতুন চার জন হলেন—চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আজিম, ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক ভুঁইয়া, বিটিএস কমিউনিকেশন্সের সিটিও মো. সারওয়ার আলম শিকদার ও নেক্সট অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ। টিম ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম। 

অপরদিকে, আট প্রার্থী নিয়ে গঠিত ‘টিম ক্যাটালিস্ট’ প্যানেল। প্যানেল প্রার্থীরা হলেন—আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ব্র্যাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী, গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার, বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন, ডলি আইটি কর্নারের প্রোপ্রাইটার মো. মনিরুজ্জামান মনির, জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার, ব্রিস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম।