বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন তথ্য উপাত্তে ঈশ্বরদীকে বৃহত্ রেলওয়ে জংশন হিসেবে উল্লেখ করা রয়েছে। সাধারণ জ্ঞানের বই এবং অনলাইনের বিভিন্ন সাইটে একই তথ্য দেওয়া রয়েছে। কিন্তু এই তথ্য শতভাগ ভুল। এবং এই ভুল তথ্য রেল কর্তৃপক্ষ কিভাবে হালনাগাদ করছেন না তা ভেবে বিস্মিত হই। ঠিক তথ্য হলো, বাংলাদেশের বৃহত্ রেলওয়ে পার্বতীপুর। পার্বতীপুর চার লাইনের রেলওয়ে জংশন, আর ঈশ্বরদী তিন লাইনের রেলওয়ে জংশন। ব্রডগেজ ও মিটারগেজের হিসেবে ঈশ্বরদী তিন লাইনের ব্রডগেজ। পার্বতীপুর দুই লাইনের ব্রডগেজ ও দুই লাইনের মিটারগেজ। এই হিসেবে হয়তো ঈশ্বরদীকে বৃহত্ বলা হয়েছিল কাগজে-কলমে। যদিও এই যুক্তিকেও অযৌক্তিক মনে হয়েছে আমার। কারণ সাম্প্রতিক সময়ে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ব্রডগেজ রেলপথ বর্ধিত করা হয়েছে। এখন পার্বতীপুর জংশনের হিসেব হলো—তিন লাইনের ব্রডগেজ ও এক লাইনের মিটারগেজ। এই হিসেবে ঈশ্বরদী ও পার্বতীপুর দুটোই তিন লাইনের ব্রডগেজ রেলপথ। পার্বতীপুরের রয়েছে এক লাইনের মিটারগেজ, যা ঈশ্বরদীর নেই। পার্বতীপুর চার লাইনের রেলওয়ে জংশন অর্থাত্ এটি বৃহত্। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষকে তথ্য দ্রুত হালনাগাদ করার আবেদন জানাই।
মাহতাব হোসেন
পার্বতীপুর, দিনাজপুর
