গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, গ্রেফতার যুবক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:২১

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক গার্মেন্টস কর্মীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রাসেলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মো. রাসেল চাঁদপুরের শাহরাস্তির রাজাপুর এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক।

মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার রাত ১১টায় কদমতলীর একটি ফ্ল্যাট বাসায় ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রাসেল। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গার্মেন্টস কর্মীর সঙ্গে গত তিন বছর ধরে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেল ওই গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাতে নিয়ে যায়। গত বুধবার রাতে ওই তরুণীর বাসায় ঢুকে বিয়ের তারিখ নির্ধারণের কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রাসেল। পরে রাসেলকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি ওই গার্মেন্টস কর্মী তার পরিবারকে অবহিত করে। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ওই গার্মেন্টস কর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/জেডএইচ