আনিসুল হক
এই তো আছি বেঁচে আছি, বেঁচে থাকাই ভালো,
আপন হাতে একটি দুটি পারলে প্রদীপ জ্বালো।
আঁধার থেকে উঠে আসছি, আলোর দিকে যাত্রা,
ক্ষুধার সঙ্গে সুধা মেশাও, কমবে দুখের মাত্রা।
ইষ্টি কুটুম ইষ্টি
একটু রেখো দৃষ্টি
আকাশ যদি মেঘলা তবে
হয়তো হবে বৃষ্টি।
বৃষ্টি হবে কখন কবে শুনছি মেঘের গর্জন,
পায়ের তলায় শক্ত মাটি—তাকেই বলি অর্জন।
সংস্কৃতি নয় শেকড় বিহীন, নয় তা ঝরা পাতা,
মাটি মানুষ মা জননী একই সূত্রে গাঁথা।
হাত বাড়ালেই বন্ধু পাবে, পা বাড়ালেই রাস্তা
পথিক তুমি পথের উপর রাখতে পারো আস্থা।
আজ তো আছি বাধার মুখে, কাল তো দেবো ঝাঁকি,
মানুষ পাবে কাঙ্ক্ষিত দেশ, আকাশ পাবে পাখি।
