মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৩৮

ঢাকার মহাসমাবেশে হামলা

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে গত ২৩ অক্টোবর রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ ও হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

কাউখালী (পিরোজপুর) : কাউখালীর ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাশ বর্জন করে একযোগে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

কলাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম পলাশ জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সকল শিক্ষক সংগঠনের উদ্যোগে কলাপাড়ার ১৭০টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ক্লাস বর্জন করে প্রতিবাদ করেন।