দিবা-রাত্রির টেস্টে সম্মত কোহলি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

পুরোনো টেস্ট খেলুড়ে ১১ দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ ছাড়া আর সবাই কমপক্ষে একটা দিবা-রাত্রির টেস্ট খেলে ফেলেছে। একটা গুঞ্জন ছিল যে, ভারত ও বাংলাদেশের আগামী মাসের দুই টেস্টের কোনো একটিই হতে পারে পিংক বলের এই টেস্ট। সেটা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, তারা এই ধরনের টেস্ট খেলার ব্যাপারে একমত হয়েছেন।

অধিনায়ক বিরাট কোহলি রাজি হয়েছেন দিবা-রাত্রির টেস্ট খেলতে। সেটা বাংলাদেশের বিপক্ষেই হবে কি না, তা নিশ্চিত করেননি সৌরভ। তবে খুব দ্রুতই পিংক বলের টেস্ট খেলবে ভারত, এটা নিশ্চিত করেছেন নতুন সভাপতি।  সৌরভ বলেছেন, টেস্ট ক্রিকেটে মাঠে দর্শক টানার জন্য দিবা-রাত্রির টেস্ট খেলার কোনো বিকল্প নেই। তিনি এটা খেলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষে, ‘আমরা সবাই এটা নিয়ে আলাপ করছি। এ নিয়ে অবশ্যই আমরা কিছু একটা করবো। আমি দিবা-রাত্রির টেস্টের খুবই পক্ষে। কোহলিও এ ব্যাপারে রাজি হয়েছে। আমি অনেক পত্রিকায় রিপোর্ট দেখেছি যে, ও রাজি নয়। কিন্তু এটা সত্যি না। খেলাটার সামনে এগিয়ে যাওয়া দরকার। লোকদের কাজ শেষ করে মাঠে এসে চ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ দিতে হবে। আমি জানি না, এটা কবে ঘটবে। তবে ঘটবে।’

২০১৬ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে। এরপর থেকে একে একে সবাই এই ধরনের টেস্ট খেলে ফেলেছে। নতুন দুই টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড খেলেনি এখনো। আর পুরোনোদের মধ্যে ভারত ও বাংলাদেশ এখনো দিবা-রাত্রির টেস্ট খেলেনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর প্রতিটা সিরিজে একটা টেস্ট দিবা-রাত্রির করার সুযোগ রাখা হয়েছে। তবে এটা হবে কি না, সেটা আয়োজক বোর্ডের ওপর নির্ভর করে। ভারত এতদিন পিংক বলের টেস্ট খেলতে রাজি ছিল না। তার প্রধান কারণ ছিল, তারা প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বেশি ম্যাচ ফ্লাড লাইটের আলোয় খেলেনি।

 সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআইয়ের টেকনিক্যাল কমিডিটর প্রধান ছিলেন, তখন থেকেই তিনি দিবা-রাত্রির টেস্ট খেলার পক্ষে ছিলেন। এমনকি তিনি দুলিপ ট্রফিকে ফ্লাড লাইটের নিচে আয়োজনের জন্য সুপারিশও করেছিলেন। ২০১৬ সালে সেটা করাও হয়েছিলো। এই মৌসুমে দুলিপ ট্রফির ফাইনাল দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি।