ব্রাজিলের ডাক পেলেন রদ্রিগো ও লুইস

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৬

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের প্রীতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের কিশোর তারকা রড্রিগো গোস প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন। আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য ঘোষিত দলে এ ছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডগলাস লুইজ। ব্রাজিল ১৫ নভেম্বর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের মাঠে খেলবে। এর চারদিন পর সেলেচাওরা যাবে আবুধাবিতে যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। কোচ তিতে এ খেলাগুলোকে আগামী বছর শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ে দলের মানোন্নয়নে কাজে লাগাতে চান।

রদ্রিগো গত মঙ্গলবার প্রথমবারের মতো রিয়ালের হয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় মূল একাদশে ঠাঁই পান। সেটি ছিল তুর্কি ক্লাব গালাতাসারায়ের বিরুদ্ধে ১-০ গোলে জেতা চ্যাম্পিয়ন্স লিগের খেলা। ১৮ বছরের এই খেলোয়াড় অবশ্য এর আগে চলতি মৌসুমে লা লিগায় বেশ কয়েকটি খেলায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

লুইজ গত জুলাইয়ে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে নৈপুণ্য দেখিয়ে চলেছেন।  তবে কোচ তিতের ২৩ সদস্যের এই দলটিতে জায়গা হয়নি রিয়ালের ভিনিয়াস জুনিয়র ও মার্সেলোর। অপরদিকে ইনজুরির কারণে নেই পিএসজি ফরোয়ার্ড নেইমার। তবে ইনজুরি সারিয়ে দলে ফিরেছেন লিভারপুল গোলকিপার অ্যালিসন।

 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের সর্বশেষ চার খেলায় জয়হীন। এমন পরিস্থিতিতে তিতের দলের লক্ষ্য আগামী বছর শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের খেলাগুলোর আগে দলের মানোন্নয়ন ঘটানো।

গত শুক্রবার এ নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন,‘আমি আমাদের পারফরম্যান্স ও  ফলাফলে সন্তুষ্ট ছিলাম না। কিন্তু আমরা তিনটি প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। প্রথমটিতে আমরা দল গোছাই। এরপর দ্বিতীয়টিতে আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাই। কোপা আমেরিকায় তো আমরা শিরোপা জিতি।’ তিনি আরো বলেন,‘এখন আমরা নতুন পর্যায়ের প্রস্তুতির মধ্যে আছি। এটি হলো বাছাই পর্বের জন্য প্রস্তুতি।’

স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেষ্টার সিটি), ড্যানিয়েল ফুজাতো (রোমা)। ডিফেন্ডার: ড্যানিলো (জুভেন্তাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্তাস), রেনান লোডি (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি), মারকিনহোস (পিএসজি), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপ (অ্যাটলেটিকো মাদ্রিদ)। মিডফিল্ডার : ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থার (বার্সেলোনা), ফ্যাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কোটিনহো (বায়ার্ন মিউনিখ), লুকাস প্যাকুয়েটা (এসি মিলান), উইলিয়ান (চেলসি)। ফরোয়ার্ড : ডেভিড নেরেস (আয়াক্স), ফিরমিনহো (লিভারপুল), রিচারলিসন (এভার্টন), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেষ্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।