জিতে ব্যবধান কমাল সিটি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৭

লিভারপুল-টটেনহ্যাম

মুখোমুখি আজ

 স্পোর্টস ডেস্ক

ম্যানচেষ্টার সিটি গতকাল শনিবার অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো। লিভারপুল নয় খেলা শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সিটি এ জয়ে ১০ খেলায় ২২ পয়েন্ট পেয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। তবে কোচ য়ুর্গেন ক্লপের দল আজ অতিথি টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে জিতলে ব্যবধানটি আবারও বেড়ে ছয় পয়েন্টের হবে।

সিটি কাল গোলগুলো করে দ্বিতীয়ার্ধে। রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইন ও গুনডোগান গোল তিনটি দেন। কোচ পেপ গার্দিওলার দলকে অবশ্য শেষ তিন মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়। কারণ ফার্নানদিনহো দুই দফা হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়া হন।

মরিচিও পচেত্তিনোর দুর্দশাগ্রস্ত টটেনহ্যাম জানিয়েছে ‘তারা কিভাবে ফুটবল খেলতে হয় তা ভুলে যায়নি’। আজ লিভারপুলের মাঠে খেলতে যাওয়ার আগে এ কথা জানিয়েছে ক্লাবটি।

টটেনহ্যাম গেল মৌসুমে তিনবার লিভারপুলের মুখোমুখি হয়েছিল। এ প্রতিটিতে হার হয়েছিল তাদের। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও দেখা হয়েছিল দুদলের। তাতেও পরাস্ত হয়েছিল পচেত্তিনোর দল।

লিভারপুল অবশ্য এ মৌসুমেও দুর্দান্তপনার মধ্যে আছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে অপরাজিত আছে প্রিমিয়ার লিগের টানা ৪৪ খেলায়। টটেনহ্যাম তাদের মাঠে শেষ ২৫টি লিগ ম্যাচে কেবল একবার জিতেছিল।

এদিকে প্রিমিয়ার লিগে আজ খেলা আছে ম্যানচেষ্টার ইউনাইটেড ও আর্সেনালের। ইউনাইটেড খেলতে যাবে নরউইচ সিটির মাঠে। আর্সেনাল নিজেদের মাঠে আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসকে।