অনূর্ধ্ব-১৬ দলের পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
প্রথম ইনিংসে বাংলাদেশের চালিকাশক্তি ছিলেন রেদোয়ান হোসেন সিয়াম। সেই সঙ্গে ফিফটি করেছিলেন অধিনায়ক নাঈম আহমেদ। গতকাল দ্বিতীয় ইনিংসেও ফিফটির দুয়ারে পৌঁছে গেছেন নাঈম। আর তার ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো অবস্থায় আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। গতকাল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত পাকিস্তানের সামনে ২০৬ রানের লিড দিতে পেরেছে বাংলাদেশ; হাতে আছে ৬ উইকেট।
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২০৪ রান। সিয়াম ৮৪ ও নাঈম ৫৪ রান করে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানের হয়ে আহমেদ খান ৪ উইকেট নেন। জবাবে পাকিস্তান ১১৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের আহমদ শরিফ ২৪ রানে নেন ৪ উইকেট। এ ছাড়া আমির হোসেন আসিফ ১৯ রানে ৩ উইকেট ও মুশফিক হাসান ৩৩ রানে ২ উইকেট নেন। পাকিস্তানের ইবার আফজাল ৫১ রান করেন। গতকাল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৯ রান করেছে বাংলাদেশ। তানবির আলম ৪২ রান করে আউট হয়েছেন। আর ৪৭ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক নাঈম।
