প্রাথমিক বিদ্যালয়ে ই-মনিটরিং

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:২৮

সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ই-মনিটরিংয়ের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা চালু করল সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানের একটি কনভেনশন সেন্টারে এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সরকারের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ যে টুল ব্যবহার করে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণ করেন তার ওপর ভিত্তি করেই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি অ্যাপ তৈরি করেছে সেভ দ্য চিলড্রেন। তার ওপর ভিত্তি করেই ই-মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম আল হোসেন। এছাড়াও অতিরিক্ত সচিব মো. গিয়াসউদ্দিন আহমেদ এবং সেভ দ্য চিলড্রেনের শিক্ষা সেক্টরের পরিচালক বুশরা জুলফিকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল।