এনসিএল থেকে ফিরছেন ৮ ক্রিকেটার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ড শুরু হয়েছে গতকাল, যার মধ্যে দুটি ম্যাচে বৃষ্টির কারণে মাঠে খেলা গড়ায়নি। এদিকে জাতীয় দলের ভারত সফরের ক্যাম্পে আজ ও আগামীকাল রয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ম্যাচ খেলবেন সাকিব-মুশফিকরা।

ম্যাচে দুটি দল গঠনের মতো ক্রিকেটার নেই ক্যাম্পে। তাই এনসিএল থেকে ডাকা হচ্ছে আট জন ক্রিকেটারকে। এই আট জন ক্রিকেটারের মধ্যে বেশিরভাগ হবেন স্পিনার। কারণ নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে বাংলাদেশের স্পিনারদের দেখাতে চায় বিসিবি। ভারতে যাওয়ার আগে ভেট্টোরি যেন স্পিনারদের নিয়ে কিছুটা কাজ করেন, টেস্টের জন্য প্রস্তুত করেন, সেটাই ইচ্ছা বিসিবির। গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের।

মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমার কথা হচ্ছে, টেস্টের জন্য যেহেতু আমাদের স্পিনার লাগবে, তাদেরও যদি ভেট্টোরি একটু দেখতে পারত, তাহলে আমার মনে হয় ভালো হতো। এ কারণে আমরা ঠিক করেছি কিছু খেলোয়াড় যদিও খেলা শুরু হয়ে গেছে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট। যেটা শুরু হয়নি, সেখানে অতটা অসুবিধা হবে না। ওখান থেকে একজন একজন করে লাগছে। কাল (আজ), পরশু (আগামীকাল) ম্যাচের জন্য কিছু খেলোয়াড়কে আমাদের রাখতে হচ্ছে।’

বিসিবির সভাপতির ইচ্ছা স্পিনারদের মধ্যে অফস্পিনার মিরাজ, নাঈম হাসান, বাঁহাতি স্পিনার তাইজুল-অপু, লেগ স্পিনার রিশাদ হোসেনকে পরখ করে দেখুক স্পিন কোচ ভেট্টোরি।