ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে ঘণ্টাব্যাপী এ অগ্নিকাণ্ডের সময় আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া সাহেদা (১২) নামের একটি মেয়ে গুরুতর অসুস্থ হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ধানমন্ডির ৬/এ নম্বর রোডের ঈদগাহ ময়দানের বিপরীতে ৫৫ নম্বর বাসায় গতকাল শনিবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের সময় তিন তলার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা এবং ৪র্থ তলার গৃহকর্মী সাহেদা ধোঁয়ার কারণে আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বৃদ্ধা পৌনে ১১টার দিকে মারা যান। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস সূত্র।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক একজনকে মৃত ঘোষণা করেন। আরেক জন চিকিত্সাধীন রয়েছে।