চিলিতে ১০ লাখ মানুষের বিক্ষোভ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:৩৪

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার পদত্যাগ ও দেশটির অর্থনৈতিক সংস্কারের দাবিতে শুক্রবার ১০ লাখেরও বেশি মানুষ রাজপথে বিক্ষোভ করেছেন। সাম্প্রতিক সময়ে এটি ছিল দেশটির সবচেয়ে বড়ো বিক্ষোভ।

বিক্ষোভকারীরা জাতীয় পতাকা বহন করে পিনেরার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তারা ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলির স্বৈরশাসকের হাত থেকে মুক্তির দাবিতে গাওয়া জনপ্রিয় প্রতিবাদী বিভিন্ন গান গায়। সান্তিয়াগোর গভর্নর কার্লা রুবিলার টুইটারে দেওয়া এক বার্তায় এ দিনকে ‘একটি ঐতিহাসিক দিবস’ হিসেবে অভিহিত করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রশংসা করেন। রুবিলার বলেন, দেশব্যাপী ১০ লাখেরও বেশি লোক বিক্ষোভে অংশ নিতে রাজপথে নেমে আসে। পুলিশের দেওয়া হিসাবের বরাত দিয়ে তিনি আরো বলেন, কেবল রাজধানীতে প্রায় ৮ লাখ ২০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে।

এদিকে পিনেরা টুইটারে দেওয়া এক বার্তায় লিখেছেন, আজকের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে হওয়ায় তিনি অনেক খুশি। তিনি বলেন, ‘আপনারা কী বার্তা দিতে চাচ্ছেন আমি তা বুঝতে পেরেছি।’ তার এমন ঘোষণাকে পরিবর্তনের জন্য ইতিবাচক ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে অনেক দিন ধরেই অসন্তোষ বাড়ছে চিলিতে। সেই অসন্তোষের আগুনে ঘি ঢেলে দেয় মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি। ৬ অক্টোবর সরকার মেট্রোরেলের ভাড়া ৮০০ পেসো থেকে বাড়িয়ে ৮৩১ পেসো করার ঘোষণা দিলে ক্ষোভে ফুঁসে ওঠে চিলির মানুষ। গত ১৯ অক্টোবর বিক্ষোভ শুরু হলে কয়েক দিনের মধ্যে তা সহিংস রূপ ধারণ করে।