কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসদরের মঠখোলা সড়কে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পালটা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিত্সা নিয়েছে।
জানা যায়, গত বুধবার এস এ এম মিনহাজ উদ্দিনকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম সুজনকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি। এ কমিটি বাতিলের দাবিতে গতকাল সকালে পৌর বিএনপি নেতা ফজলুল হক, মাহমুদুজ্জামান রিপন ও সবুজ শিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে অনুমোদিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করার জন্য পাটমহাল মোড়ে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিণ করে পাটমহাল মোড়ে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী এ ধাওয়া-পালটা ধাওয়ায় ফজলুল হক, আলম, রোমান, মানিক, মিনহাজ, শরিফুল ইসলাম সুজনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আলমকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
