গুজবে বিভ্রান্ত হবেন না -----------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেসবুকে গুজব ছড়িয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, রামু ও নাসিরনগরের মতো ভোলায়ও গুজব ছড়িয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সামাজিক সহিংসতা বন্ধে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশকেও দায়িত্বের প্রতি সচেতন থাকার বিষয়ে সতর্ক করেন তিনি।

গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কী একটি ঘটনা ঘটানো হয়েছে। আপনাদের প্রথম কাজ হবে এ মিথ্যা ও ভুল তথ্যের বিভ্রান্তি যেন তৈরি না হয় সেটা নিশ্চিত করা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ে সচেতনভাবে কমিউনিটি পুলিশকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় ডিএমপির বিভিন্ন থানার কমিউনিটি নেতা ও পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। এর আগে ডিএমপি সদর দপ্তর থেকে বের হয় র?্যালি। পুলিশ কর্মকর্তারা ছাড়াও এতে যোগ দেন সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ।

অপরাধ দমনে আসছে

‘সেভ ঢাকা সিটি প্রজেক্ট’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধ দমনে আমরা ‘সেভ ঢাকা সিটি প্রজেক্ট’ হাতে নিচ্ছি। এতে অপরাধী শনাক্ত হবে। এর আওতায় ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ও গাড়ির গতিবিধি নজরদারির মধ্যে থাকবে। একইদিন দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্ত আকাশ’ আয়োজিত ‘নিরাপদ ও টেকসই নগর গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।