আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এর ২০তম আসরে যোগ দিতে বাংলাদেশ থেকে যাচ্ছে ৮ খুদে শিক্ষার্থী। আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। গতকাল বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এ সময় বাংলাদেশের খুদে প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ও বিডিওএসএনের সহ-সভাপতি ড. লাফিফা জামাল। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন শিক্ষার্থীরা। রোবট অলিম্পিয়াডের দুইটি ক্যাটাগরিতে ২৩টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করবে—সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফীহাথ সালেহ চৌধুরী, ঢাকার সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান, ঢাকা আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালী, ঢাকার ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের মোঃ মেহের মাহমুদ, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার কাজী মোস্তাহিদ লাবিব, চিটাগাং গ্রামার স্কুল ঢাকার তাফসির তাহরীম, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মো. খায়রুল ইসলাম এবং ঢাকা কলেজের সানি জুবায়ের।
