বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়া ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। ওনার যে অসুখ যদি যথাযথ চিকিত্সা না হয়, তাহলে এটা আরো খারাপের দিকে যাবে। এই কথাটা আমরা বহুবার বলেছি। সংবাদ সম্মেলন করে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছি। যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা প্রতিটি বিষয়ে বলেছি। তার (খালেদা জিয়া) যাতে চিকিত্সা না হয়, তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এটাই সরকারের কাম্য। যে মামলাতে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য সে মামলাগুলোতে তিনি জামিন পাচ্ছেন না। বিভিন্ন কারসাজি করে তার জামিন আটকে দেওয়া হচ্ছে। লক্ষ্যটাই হচ্ছে উনি যেন কারাগার থেকে বের হতে না পারেন। পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শারীরিক অসুস্থতার কারণে জামিন পেলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। নওয়াজ শরিফ জামিন পেলে খালেদা জিয়া কেন নয়?
গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া নিজে তুলে খেতে পারছেন না, টয়লেটে যেতে পারছেন না। তাকে কাউকে না কাউকে সাহায্য করতে হচ্ছে। শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারাও তার চিকিত্সার ব্যাপারটা তুলে ধরেছেন।
