জাপানের পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহত ১০

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৪৭

জাপানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দুই সপ্তাহ আগে দেশটিতে গত পঞ্চাশ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হানে। এতে তখন ৮৮ জন মানুষ মারা যায়। এরপরই গত কয়েকদিনে নতুন করে দুর্যোগে এ প্রাণহানির ঘটনা ঘটল। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের

টানা বর্ষণে দেশটির পূর্ব ও উত্তর-পূর্বে অবস্থিত চিবা এবং ফুকুশিমা অঞ্চলে জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে। ছয় সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো বৃষ্টিপাতের ফলে এলাকাগুলো ডুবে গেছে। নিম্নচাপের কারণে কিছু কিছু স্থানে যে বৃষ্টিপাত হয়েছে তা এক মাসের বৃষ্টির সমান। এর মধ্যে কেবল চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত মাসে দুটি টাইফুন আঘাত হানা উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চিবা এলাকায় বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। এ কারণে বহু লোক বাড়তি নিরাপত্তা হিসেবে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। দেশটির কিছু কিছু স্থানে বাস সার্ভিস ও রেল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে গতকাল সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। কর্তৃপক্ষ এসব এলাকায় আবারও ভূমিধস ও বন্যার আশঙ্কা করছেন। এ কারণে সবাইকে নিরাপদে থাকতে সতর্ক করে দেওয়া হয়েছে।