জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের দমন এবং বৈষম্য থেকে অর্থনীতি ও দেশ বাঁচাতে সুশাসন প্রতিষ্ঠা করাই এই মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য। নিকট অতীতে জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে জঙ্গিবাদ দমন করা হয়েছে, ঠিক একইভাবে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়ে দুর্নীতিবাজ-দলবাজ-ক্ষমতাবাজদের দমন করতে হবে। আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে গতকাল শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।
ইনু বলেন, চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে। সুশাসনের জন্য আইনের শাসন নিশ্চিত করা, মুখ ও দল না দেখে আইনের কঠোর প্রয়োগ, রাষ্ট্র-প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, সহসভাপতি আফরোজা হক রীনা প্রমুখ।
