রাখাইনে পুলিশের গাড়িতে আরাকান আর্মির হামলায় নিহত ২

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫০

মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশের একটি ট্রাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলায় দুই জন নিহত হয়েছেন। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে। ট্রাকটিতে পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন এবং তারা বন্দিবাহী অপর একটি গাড়ি পাহারা দিয়ে মংডু থেকে বুথিডাউং ফিরছেন। পথে গাড়িটিতে হামলা হয়। শুক্রবার মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানায়, ট্রাকটিতে পুলিশের ১৪ জন সদস্য এবং আদালতে হাজিরা দিয়ে ফেরা ১০ আসামি ছিল। আরাকান আর্মি রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ও হালকা অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছে। পরে আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য মারা যায়।