ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ শাহাদত্ হোসেন (৭৫) গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে যান। আজ শুক্রবার বাদ আছর হরিণপালা রিভার ভিউ ইকোপার্কে তার জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এবং ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম এবং সমাজ সেবক ও ব্যবসায়ী মো. শামসুদ্দিন, ব্যবসায়ী সালেহ উদ্দিন ও শিক্ষক শাহানাজ আক্তার বুলুর বাবা।
তার মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, জেপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সসদ্য সচিব ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহামন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরুসহ ইউপি চেয়ারম্যানগণ, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপি, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রয়াত শাহাদত্ হোসেন পর পর চারবার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দুই বার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন।
