কচুয়ায় বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য প্রদান করেছেন। উল্লেখ্য, গত বুধবার বিকালে মোশারফ হোসেন পাথৈর ইউনিয়নে গণসংযোগ শেষে উজানী পীর সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশে যাওয়ার পথে সাচার বাজার এলাকায় হামলার শিকার হন। এতে ৫টি গাড়ি ভাঙচুর ও প্রার্থী মোশারফসহ বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী বলেন, উল্লেখিত হামলার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের লোকজন এ হামলা চালায়। তবে হামলার পর সাচার বাজারে এক পথসভায় উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবীর প্রধান ও বিএনপি নেতা এমদাদুল হক দাবি করেন উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
