অণুগল্প

বন্দি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩০

—দেখুন, প্রহরী মশাই, আমি ভুল করে ঢুকে পড়েছি। আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন এমন ভুল করব না।

—আপনি ভুল করেছেন দেখে আমি তো আর ভুল করতে পারি না। বরং আপনার ভুল দেখে মনে হচ্ছে, আমি যেন কোনোক্রমেই ভুল না করি।

—প্রহরী মশাই, আমি কাঠ কুড়াতে কুড়াতে ঢুকে পড়েছি।  কোনো গাছে, কোনো জলে চিহ্ন নেই যে এটা অন্যের এলাকা। কেবল আপনাকে দেখে বুঝতে পেরেছি, আপনার হাতে ধরা পড়ে বুঝতে পেরেছি আমি আর আমার জন্য নির্ধারিত গণ্ডিতে নেই। আমাকে এবারের মতো মাফ করে দিন!

—মাফ করার মালিক তো আমি নই। আমার কাজ হলো শুধু আপনাকে ধরা। সীমানায় ঢুকলেই ধরা।

—তাহলে কি ঈশ্বর আমাকে মাফ করতে পারেন? প্রতিদিন সকালে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর আমার পরিবারকে নিরাপদে রাখো।

—হয়তো ঈশ্বর পারেন। কিন্তু ঈশ্বরের কাছ থেকে লিখিত আনবে কে? তুমি পারবে?

—প্রহরী মশাই, আপনিই তো এখন ঈশ্বরের অবতার।

—কিন্তু আমার কাছে যে ঈশ্বরের কোনো বার্তা নেই। তাছাড়া নিজেকে অবতার ভাবার কোনো সুযোগ নেই আমার কাছে। আমি আদেশপালনকারী মাত্র।

—প্রহরী মশাই, বাড়িতে আমার দুই বছরের একটা শিশু আছে, স্ত্রী আর বৃদ্ধা মা আছে। তিনদিন আমি আয় না করতে পারলে ওরা না খেয়ে মরে যাবে!

—বাড়িতে আমারো দুটি শিশু আছে, স্ত্রী আছে। আমি তোমাকে ছেড়ে দিলে চাকরি যাবে, আমার শাস্তি হবে। ওরাও না খেয়ে মরবে।

—প্রহরী মশাই, আমি ভুল করেছি, সেটাও আমার অজান্তে। ভুল আর অপরাধ তো এক হতে পারে না।

—ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য খুব সীমিত। কী করলে অপরাধ হবে সে কথা আমার আদেশকারীর খাতায় লেখা আছে। কী কী ভুল করলে ছেড়ে দেওয়া যাবে সে কথা খাতায় লেখা নেই। ধরো, তোমাকে কেউ একজন বলল একটি দা নিয়ে আসো। তুমি দৌড়ে দা আনতে গেলে। তুমি কি জানো সে দা দিয়ে কী করবে?

—কেন, হয়তো কাঠ কাঠবে, নয়তো ডাব কাটবে!

—না। সেই দা দিয়ে সে মানুষ খুন করতে পারে। আর মানুষ খুন করলে দা এনে দেওয়ার দায়ে তোমারও শাস্তি হবে। অথচ তুমি খুনি নও।

—কিন্তু আমি তো কাউকে দা এনে দেইনি। কেউ খুনও হয়নি।

—তুমি আমার দায়িত্বে থাকা সীমানায় প্রবেশ করেছ।

—এর কি ক্ষমা নেই?

—না। কারণ তোমাকে ক্ষমা করলে সেটা হবে উদাহরণ। প্রতিদিন শয়ে শয়ে লোক ঢুকবে। তোমাকে ছেড়ে দিলে অন্যজন কেন ছাড়া পাবে না? তারও সংসারে শিশু আছে, মা আছে। ওতে আমার এলাকা তছনছ হবে। আমি দায়িত্ব পালনে ব্যর্থ হব।

—প্রহরী মশাই, আপনি ঈশ্বরের নির্দেশ মানেন, নাকি মানুষের?

—দুটোই, যখন যেটা প্রাসঙ্গিক হয়।

—ঈশ্বর কোনো সীমানা নির্দেশ করেননি। করেছে মানুষ। আপনি কোনটা প্রাসঙ্গিক মনে করেন?

—মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিই ঈশ্বরের নির্দেশ পালনের অংশ। এবার চলো, তুমি বন্দি।

(নিরীহ, নির্দোষ সীমানা না বুঝতে পারা বাওয়ালি বন্দি হয়ে গেল। এভাবেই গোটা পৃথিবী চলছে সিদ্ধান্তহীনতায়...)