তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে একই রেলপথের একটি লোকোমোটিভের মুখোমুখি সংঘর্ষে তিনজন মেকানিকসহ কমপক্ষে নয়জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে রেলপথ চেকিং শেষে ফেরা ট্রেনটির সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির এই সংঘর্ষ হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। তারা বলেছেন, এই ঘটনার পেছন যে বা যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। সংঘর্ষের পর পথচারী চলাচলের একটি ওভারপাস বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে আঙ্কারা গভর্নরের কার্যালয়ের পক্ষ থেকে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এই দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যাদের দায়ীত্বহীনতায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের দায়িত্বে থাকার অধিকার নেই। তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট সব ইউনিটকে এই দুর্ঘটনার বিষয়ে তত্পর হওয়ার আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে সমপ্রচারিত ভিডিও ফুটেজে জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে কাজ করতে দেখা গেছে। ট্রেনের ধাক্কায় মারসান্দিজ ট্রেন স্টেশনের ওভারপাসটি ভেঙে পড়েছে। হাইস্পিড ট্রেনটিরও অন্তত দুটি বগি বিধ্বস্ত হয়েছে।
