মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ

শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৫

জেলা সদরে অবস্থিত মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজটির তিনটি বিভাগ চলছে শিক্ষক ছাড়াই। কলেজটিতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। দীর্ঘদিন যাবত্ বিভাগ তিনটিতে কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। এদিকে প্রয়োজনীয় পরিমাণ জমির অভাবে কলেজটিতে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। ফলে স্থান সংকুলান সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিকে ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি কলেজে রূপান্তরিত করা হলেও নতুন পদ সৃষ্টি করা হয়নি। মঞ্জুরিকৃত ২৪টি পদে শিক্ষক রয়েছেন ১৭ জন। বর্তমানে শূন্য রয়েছে সাত জন প্রভাষকের (শিক্ষক) পদ। বছরাধিকাল যাবত্ শূন্য রসায়ন বিভাগের একমাত্র প্রভাষকের পদটি। এছাড়া সমাজবিজ্ঞান ও ইতিহাস বিভাগের বরাদ্দকৃত একটি করে দুটি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।

সংস্কৃতি বিভাগের চারটি পদের দুটি পদ শূন্য রয়েছে। কলেজটির অধ্যক্ষ প্রফেসর আর জে এম সেলিম রেজা তালুকদার সরকারি সুফিয়া মহিলা কলেজটিতে বর্তমানে সাতটি প্রভাষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার শিক্ষক সংকট ও নতুন পদ সৃষ্টির কথা জানানো হয়েছে বলে অধ্যক্ষ জানান। এদিকে শিক্ষার্থীদের অভিভাবক মহল জরুরিভিত্তিতে শূন্য পদে শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন।

কলেজটির শিক্ষার্থী সায়লা, ঝুমুর, শিপ্রাসহ অন্যরা জানান, সমাজবিজ্ঞান, রসায়ন ও ইতিহাস বিভাগে শিক্ষক না থাকায় লেখাপড়া দারুণভাবে ব্যাহত হচ্ছে। কলেজটির উপাধ্যক্ষ রীনা রানি বৈদ্য জানান, প্রয়োজনীয় পরিমাণ জমি না থাকায় নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না। পুরোনো একতলা ভবনটি ভেঙে দিয়ে বহুতল ভবন নির্মাণ করা হলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।