আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেড় শতাধিক আসনে মহাজোটভুক্ত দলগুলোর একাধিক প্রার্থী রাখাকে একটি কৌশল বলে দাবি করে বলেছেন, বিএনপি যদি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যায়, তাহলেও যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়, সেজন্য আগেভাগে এই কৌশল গ্রহণ করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জোটের মধ্যে আসন ভাগাভাগির পরও বিভিন্ন আসনে শরীকরা নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন একজন সাংবাদিক এ বিষয়টি তুলে ধরলে ওবায়দুল কাদের আরো বলেন, ‘এটা আমাদের কৌশল। কৌশলটা তো বলব না। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কী দিয়েছি এটা? নির্বাচনের দিন বুঝতে পারবেন। ওনারা (বিএনপিসহ জাতীয় ঐক্য ফ্রন্ট) যদি (নির্বাচন থেকে) সরে যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।’ বিএনপি বলছে, আওয়ামী লীগ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘না না, তারা সরে যেতে পারে বলেই আমরা অ্যালায়েন্সকে নিয়ে কৌশল করেছি।’ বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে বলে মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখনও সেটা মনে করি না, তারা থাকবে এটাই আশা করব। কিন্তু তাদের সিদ্ধান্ত তো আমি জানি না, এখনো তারা পরিষ্কার করে কিছু বলেনি। তাদের যে কার্যকলাপ, তাতে সংশয় জাগে, এতে কোনো সন্দেহ নেই।’
নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে সহিংসতায় আহত-নিহতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘সহিংসতা, নাশকতা গণতন্ত্রের প্রতিপক্ষ। সহিংসতার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে এটাই স্বভাবিক। আমরা যতদূর সম্ভব দল ও অ্যালায়েন্সকে সতর্ক থাকতে বলেছি। যাতে দেশে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নষ্ট না হয়।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি ফ্রি ফেয়ার নির্বাচন আশা করে। আমি বলেছি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক ভালো, তাই প্রত্যাশা করছি এবারের নির্বাচন পিসফুলি হবে। জনগণ উত্সবমুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। যাতে নিউট্রাল ভূমিকা পালন করতে পারে।’
