২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির টার্গেট

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, বাংলাদেশ এখন পৃথিবীর বিস্ময়। এটি সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে তিনি উদয়াস্ত পরিশ্রম করছেন। ১০ মাসে ২৫-৩০টি দেশ ঘুরেছি। সবার প্রশ্ন বাংলাদেশের উন্নতির চাবিকাঠি কী? ২০২১ সাল হবে আমাদের মাইলস্টোন। ৬০ বিলিয়ন ডলার রপ্তানি টার্গেট।

গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিএফ) উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করে। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মন্ত্রী।এ সময় মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে দেশের লাইফলাইন। চট্টগ্রাম থেকে যখন ডাকা হয় ছুটে আসি।

ভারত সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্বভারতের ৫ কোটি মানুষ। ভারতকে বন্দর ব্যবহার করতে দিলে কর্মসংস্থান বাড়বে। বন্দরের সক্ষমতা বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। স্বাগত বক্তব্য দেন সিএমসিসিআই সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। অন্যদের মধ্যে সিএসসিসিআই সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, আবদুস সামাদ লাভু, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভুঁইয়া বক্তব্য রাখেন।