আমাদেরকে মানবিক হতে হবে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৯

কয়েক দিন আগের ঘটনা, এক সন্ধ্যায় আতিক মোহাম্মদপুর থেকে শাহবাগ যাচ্ছিল। ঢাকা শহরের লোকাল বাসের সচরাচর যে চিত্র থাকার কথা সেদিনও তা-ই ছিল। একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে মানুষের গায়ের গন্ধে বমি আসে এমন অবস্থা। বাসে ওঠার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিট পেল আতিক।

সিটে বসে নানা চিন্তাভাবনা করছিল। দেশের কথা, দশের কথা, নিজের কথা ভাবতে ভাবতে সে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল।

এক গর্ভবতী মহিলা তার পাঁচ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাসে উঠল। যেভাবে ঢাকা শহরের লোকাল বাসগুলো ব্রেক কষে তাতে জোয়ান পুরুষ মানুষেরই দাঁড়িয়ে থাকা দায়, সেখানে তিনি ছিলেন এক মহিলা সেইসঙ্গে গর্ভবতী সঙ্গে আবার পাঁচ বছরের ছেলে। ছেলেটিকে আতিকের কাছে দিয়ে মহিলাটি বললেন, ‘ভাই, ছেলেটার হাতটা একটু ধরবেন যেন পড়ে না যায়’। আতিক তাতে রাজি হলো; কিন্তু অসুস্থ মহিলার দিকে কোনো ভ্রুক্ষেপই করল না। আর করলেও মনে হয় না সে মহিলার জন্য সিটটা ছেড়ে দিত।

কারণ, এ শহর বড়োই নিষ্ঠুর। আপনাকে কেন্দ্র করেই তার সব চিন্তা। আপন ভালো কে না চায়, তার পূর্ণ বাস্তবায়ন এখানে হতে দেখা যায়। প্রত্যেকেই ছুটছে আর ছুটছে। অবিরাম সে ধেয়ে চলা।

‘এ শহর বড়ো হতে শেখায়; কিন্তু মানবিক হতে শেখায় না। বাসে কোনো মহিলা বা অসুস্থ মুরব্বি উঠলে আপন সিট ছেড়ে তাকে বসতে দেওয়ার এই কালচার এখানে বহু পুরোনো হয়ে গেছে। প্রত্যেকেই এখানে আপনাকে নিয়ে সদা ব্যস্ত’। দীর্ঘদিন এমন পরিবেশে থাকার ফলে হয়তো আতিকের মানসিকতায়ও এর প্রভাব পড়েছে। নতুবা সে গর্ভবতী মহিলার বাচ্চাটিকে ধরে রাখতে সম্মতি জানাল অথচ জোয়ান এক পুরুষ হয়েও গর্ভবতী, অসুস্থ এক মহিলার জন্য কেন সে সিটটা ছেড়ে দিল না! কিছুক্ষণ পর দেখা গেল পাশের সিট থেকে অন্য এক ভদ্রমহিলা নিজের আসন ছেড়ে দিয়ে গর্ভবতী মহিলাটিকে বসতে দিল। বাস চলছে, অপর ভদ্রমহিলাটি বাসের ব্রেক কষার সঙ্গে তাল মিলিয়ে নিজের শরীরের ভারসাম্য রাখতে বারবারই ব্যর্থ হচ্ছিল। বারবারই ঝুঁকে পড়ে যাচ্ছিল সামনের দিকে। হঠাত্ করেই ঘটনাটি আতিক আঁচ করতে পারল। তখন সে নিজের আসন ছেড়ে দিয়ে অপর ভদ্রমহিলাকে বসতে দিল। আতিকের মনে হলো আর একটু আগেই এমনটা করা উচিত ছিল। একদিন তারই মা, তারই বোন বা তারই নিকটাত্মীয়ের কেউ হয়তো এভাবে গর্ভবতী অবস্থায় লোকাল বাসে চড়বে! দাঁড়িয়ে থাকবে! কারণ যেতে হবে গন্তব্যে। তখন যদি তার সঙ্গে এমন হতো!

‘এই শাহবাগ শাহবাগ’। ওহ! চলে এসেছে আতিক। এখন তাকে নামতে হবে? তবে আজকের লোকাল বাসের ঘটনা তাকে যে শিক্ষা দিল তা হলো—‘মানবিক হতে হবে’। এই যুগে এত বেশি আপনার চর্চা আমরা করতে শুরু করেছি যেখানে মনুষ্যত্ব, মানবিকতা, অনুভূতি—সব দৌড়ে পালিয়েছে। একটুখানি এদিক-ওদিক হলেই গর্ভবতী মহিলার বড়ো কিছু হতে পারত কারণ এরকম একটা সময়ের মধ্য দিয়েই সে নিজেকে অতিবাহিত করছে।

n লেখক :শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়