ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া সাইনবোর্ড নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই মোটরসাইকেল আরোহী। এ সময় বিপ্লব হোসেন নামে একজনের জুতার ভেতর থেকে বেরিয়ে পড়ে ১৮টি স্বর্ণের বার। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে।
বিপ্লব হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন বিপ্লব স্বর্ণের বারগুলো বৈধ দাবি করে জানান, ১৮টি নয় ২০টি স্বর্ণের বার তার কাছে ছিল। দুর্ঘটনায় আহত অপর আরোহী শান্ত গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের জনাব আলীর ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে স্থানীয়রা। স্বর্ণের বারের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র এখনো পাননি তারা। স্বর্ণের বার বহনকারী বিপ্লব গুরুতর আহত থাকায় তার চিকিত্সা চলছে। দুইটি স্বর্ণের বার হারিয়ে যাওয়ায় স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম করে হবে বলে তিনি ধারণা করেন।
