বেরোবিতে প্রতি আসনে লড়বে ৬০ শিক্ষার্থী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬০ জন ভর্তিচ্ছু। এবারে ছয়টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ১ হাজার ৩১৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭৭ হাজার ৭২৪টি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন করেছে ২০ হাজার ৭৯২ জন, ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ হাজার ৯২ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৯ হাজার ৮৭৫ জন, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ৮ হাজার ৮৬০ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ৬ হাজার ৯১৫ জন এবং ‘এফ’ ইউনিটে (জীব ও ভূবিজ্ঞান অনুষদ) আবেদন করেছে ৮ হাজার ১৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদে ২১টি বিভাগের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ নভেম্বর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) এ পাওয়া যাবে।